নিজস্ব প্রতিবেদক: পিয়ার পদ্ধতি ষড়যন্ত্রকারীদের একটি ফাঁদ করে নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, “পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না।
তিনি বলেন, পিয়ার পদ্ধতি দেশের সাধারণ মানুষ বোঝে না। এ দেশের মানুষ যুগ যুগ ধরে ব্যক্তি দেখে, প্রার্থীর যোগ্যতা দেখে এবং দলীয় প্রতীকের মার্কা দেখে ভোট দিয়ে অভ্যস্ত। তাই পিয়ার নির্বাচন এদেশের প্রেক্ষাপটে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গঠনের রূপরেখা দেওয়া হয়েছে এবং সেখানেই সবকিছু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে বলে তিনি উল্লেখ করেন।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির নির্বাচনকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে তিনি বলেন, আনুপাতিক নির্বাচন এ দেশের জন্য প্রযোজ্য নয়। এমন একটি ব্যবস্থা চালু হলে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না, কে তাঁদের এমপি হবেন। বিপদে-আপদে বা কোনো প্রয়োজনে এলাকার মানুষ যখন তাদের প্রতিনিধির কাছে যাবেন, তখন নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, পিয়ার পদ্ধতির নির্বাচন সংবিধান বা আইনে না থাকায় কমিশনের পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব নয়। এটি জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন বলে জানান তিনি।
যারা পিয়ার পদ্ধতির দাবি তুলছেন, তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে মিলন বলেন, “কারা পিয়ার পদ্ধতি নিয়ে ব্যস্ত আছেন? যারা কখনোই মানুষের জন্য, এদেশের জন্য ভালো কাজ করেন নাই। তাদের কাজই হচ্ছে পানি ঘোলা করা। শুধু পানি ঘোলাই নয়, তারা বাংলাদেশের স্বাধীনতা সাবভৌমত্ব মানেনা। তারা ৭১এর সংবিধানও বাতিল করতে চায় বলে উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান। এছাড়াও নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।