নিজস্ব প্রতিবেদক: পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নগরীর মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় মহিলাদলের প্রভাব খাটিয়ে নয়ন কসমেটিকস নামে একটি দোকানে তালা ভেঙে দখল ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক নয়ন আলী সংবাদ সম্মেলন করেন। রোববার দুপুর ১টায় নগরীর ভদ্রা মোড়ে দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নয়ন বলেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার জীবীকার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান জোরপুর্বক দখল করে নিয়েছে তার শশুর বাড়ির লোকজন। তিনি বলেন, তার শাশুড়ী আসমা বেগম ২৬ নং ওয়ার্ড এর মহিলা দলের সভাপতি। তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছেন। যার কারণে তিনি তার নিজ বাসাতে থাকতে পারছেন না। এই ঘটনার অভিযুক্ত আসমা বেগম বলেন, তার নামে যে অভিযোগ করেছে তা পুরোপুরি মিথ্যা ভিত্তিহীন। বরং তিনি এখনও চাই তারা এক সাথে বসবাস করুক।
তিনি দীর্ঘ ৯ বছর ধরে ‘নয়ন কসমেটিকস’নামে একটি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখে সাবেক স্ত্রী লিজা আক্তার ও তার পরিবারের সদস্যরা কামাল হোসেন, আসমা বেগম, নাসির, জয়নাল, আলাল, মিরাজ ও কনক তার দোকানে আসে এবং জোরপূর্বক দখল করে। তারা দোকানের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয় এবং তাকে দেশীয় অস্ত্র হাতে আক্রমণ করতে আসে। সে সময়ে তিনি প্রাণভয়ে পালিয়ে যান এবং চিৎকার করলে স্থানীয় কিছু মানুষ এগিয়ে আসে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে পারিবারিক সংসার জীবনে বনিবনা না হওয়ায় তিনি ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তালাকনামা পাঠান। কিন্তু সাবেক স্ত্রী লিজা আক্তার সেই তালাকনামা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখে লিজা আক্তার ও তার পরিবারের সদস্যরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং জোর পূর্বক দোকান দখল করে নেয়। দোকানের ভিতরে ট্রেড লাইসেন্স, ঘরের চুক্তিপত্র এবং প্রায় ১৫ লক্ষ টাকার পণ্যসামগ্রী রয়ে গেছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় যোগাযোগ করে তিনি কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জানান। তিনি এর সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ ব্যবসা পুনরায় চালু করার জন্য সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে চন্দ্রিমা থানার (অফিসার ইনচার্জ) ওসি জানান, তাঁর জানা মতে এই রকম কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে তদন্ত করে ঘটনার বিষয়ে পর্বরতী ব্যবস্থা নেওয়া হবে।