নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী কোর্ট শহীদ মিনারের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি নকির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ৬০ লাক্ষী বাজার এর যুগ্ম মহাসচিব মহরম আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সচিব ফারুক হোসেন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঈনুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার অন্যান্য সদস্য, বিভিন্ন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকগণ তাদের বক্তৃতায় চাকুরী জাতীয়করণের জোর দাবী জানান। আর দাবী না মানলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন। তারা বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠ দান করান। সেইসাথে সরকারী সকল নির্দেশনা মেনে চলেন। অথচ বেতন, বোনাস ও বাড়ী ভাড়ায় রয়েছে চরম বৈষম্য। এই সকল বৈষম্য দূর করতে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য আবারও তারা জোর দাবী জানান।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তাদের বিভিন্ন দাবী-দাওয়া সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন।