নিজস্ব প্রতিবেদক: মানবসেবা অভিযানের অনেক দিনের স্বপ্ন চিকিৎসালয় ও বৃদ্ধাশ্রম গড়ে তোলার। সে লক্ষ্যে ইতোমধ্যে সংস্থার নামে সাড়ে চার বিঘা জমি ক্রয় করা হয়েছে। সংস্থার নিজ প্রচেষ্টা এবং কিছু দানশীল ব্যক্তির সহযোগিতায় ফান্ড গঠনের চেষ্টা চলছে। এই মহৎ উদ্দেশ্যের জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থ এবং আন্তরিক প্রচেষ্টা। এই উদ্যোগ কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাতে সীমান্ত সম্মেলন কক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় অনেকে সুচিন্তিত মতামত প্রদান করেন।
সংস্থার সভাপতি আরিফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানবসেবা অভিযান সংস্থার সাবেক সভাপতি ড. শফিকুন নবী সামাদী, মানষিক রোগ বিশেষজ্ঞ মামুন হোসাইন, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ ও মানবসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সাবরীনা শাহনাজ, অবসরপ্রাপ্ত সমাজ সেবা অফিসার জায়তুন খাতুন ও সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। এছাড়াও সংস্থার সাধারণ পরিষদের সদস্য উপদেষ্টা মন্ডলীর সদস্য সংস্থার উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বলেন, মানবসেবা সংস্থার মাধ্যমে অনেকে প্রস্তাব দিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিছু করা যায় কিনা। প্রতিটি বিষয় সাদরে গ্রহণ করে স্বপ্ন বাস্তবায়নে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। তারা বলেন, এটা শুধুমাত্র একটি অবকাঠামো নির্মাণ তা নয় মানবতার জন্যও আশ্রয়স্থল । এই মহৎ উদ্যোগে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়ে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সকলের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন । সেইসাথে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন ‘মানব সেবা অভিযান এর মানবতার এই উদ্যোগে সফল হবে।