সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু উন্নয়ন কার্যক্রমের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। রোববার দিনব্যাপী আয়োজিত সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিলন বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়ক ও সেতুর উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে।” সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। এসময় অতীতের হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে এসে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এমপি বলেন, “বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক।” সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “একটু বড় হলেই কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়ছে। একটি সন্তান মাদকে আসক্ত হলে পুরো পরিবার ধ্বংসের মুখে চলে যায়।” এলাকায় কোনো মাদক কারবারি বা সন্ত্রাসী থাকলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তার পাশাপাশি সামাজিকভাবে এই ব্যাধি নির্মূলে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মোহনপুর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ও চুক্তিমূল্য কয়েক কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খয়ড়া-চাঁদপুর সড়ক উন্নয়ন (চেইনেজ ১০০০-২৬৭৫ মিটার) বেলগাছি-মুগরইল সড়ক উন্নয়ন (চেইনেজ ১২৯০-৩১৩০ মিটার)। পালসা কুড়নিপাড়া বিএমডিএ (ইগউঅ) ডিপ-ভীমনগর সড়ক (চেইনেজ ০০-৭৭০ মিটার)।বড়াইল আরঅ্যান্ডএইচ (জ্ঐ)-সরমইল নিমতলা ব্রিজ সংযোগ সড়ক (চেইনেজ ১০০০-২০০০ মিটার)।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এসব সড়ক ও সেতুর অভাবে, বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়ন কাজগুলো শেষ হলে মোহনপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী ও মঞ্জুর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলজিইডি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin