নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবদলের আয়োজনে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের নির্বিচারে গুলি ও যুবদলনেতা শহিদুল ইসলাম শাওনকে গুলি করে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে নগরীর সাগরপাড়াস্থ বটতলা মোড় হতে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদর রহমান স্বজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, তোফায়েল হোসেন রাজু ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন প্রাং, রবিউল ইসলাম কুসুম, লতিফুর রহমান সাগর, ফারুক রায়হান, শাহনেয়াজ খুরশিদ রিজভী, নাজমুস সাকিব সরকার প্লাবন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ জেলা যুবদল, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। এজন্য পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর নগ্ন হামলা চালাচ্ছে। শুধু হামলা চালিয়ে ক্ষ্যান্ত হচ্ছেনা গুলি করে পাখির মত নেতাকর্মীদের হত্যা করছে। এই বিনা ভোটের সরকার এভাবে ভীতি প্রদর্শন করে আবারও ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা শুরু করেছে। কিন্তু এবার তা হতে দেয়া হবেনা। নদীর পানির সমান রক্ত দিতে হলেও নেতৃবৃন্দ তা দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে দেশের জনগণকে এই হায়নার কবল থেকে রক্ষা করবে বলে উল্লেখ করেন তিনি। এ জন্য সবাইকে একত্রে এসে বিএনপি’র পতাকাতলে হাজির হয়ে এক দফা আন্দোলন করার আহ্বান জানান প্রধান অতিথি।