নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্নজয়ন্তী দিবস উদযাপন করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তারা।
এরপরে অত্র প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, পাহাড়িয়া সম্প্রদায়ের গবেষক অভিলাশ বিশ্বাস, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দু। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধের ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেইসাধে এই বিজয় ছিনিয়ে আনতে বাংলাদেশের আপামর জনসাধারণ ও মা-বোনরা যে কষ্ট স্বীকার, আত্মত্যাগ ও নিজদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছিলেন সে ইতিহাস তারা তুলে ধরেন। বক্তব্য শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, একক নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিকেলে একাডেমির নির্বাহী পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে যোগদান করেন।