নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যৎ প্রজন্মের লালন: কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। এই দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা ট্যাক্সেস আপীলাত ট্রাইবুনালের প্রসিডেন্ট ড. খন্দকার ফেরদৌস আলম।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক কাস্টমস দিবস প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত হয়। প্রতিবছর আসলে কাস্টমস এর বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। সেগুলো এই দিবস উদযাপন উপলক্ষে স্টেক হোল্ডারদের অবহিত করেন তারা। স্মার্ট বাংলাদেশের জন্য দরকার ভালো প্রশিক্ষণ ও জ্ঞানের চর্চা। দেশের বিভিন্ন পর্যায়ে তাঁদের পরিধিও দিন দিন বাড়ছে। উন্নয়নের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জণগণের মাথাপিছু আয় বেড়েছে। ৮৫ শতাংশ ভ্যাট সংগ্রহ নিজেরদের মধ্যে করা হয়ে থেকে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সরকার নিজেদের টাকায় পদ্মাসেতুর নির্মাণ করেছে। বিনিয়োগ বাড়ছে, আন্তর্জাতিকভাবে কাস্টমস এর প্রসার ঘটছে। তাঁরা দেশের জন্য কাজ করছেন সব সময়। অনেক সময় সেটি নিরবে ও নিভৃতে হচ্ছে যা অনেকেই জানেন না। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ নির্মানে সবার সহযোগিতা দরকার বলে জানান তিনি।
রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার নূরুজ্জামান খান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
এছাড়া রাজশাহী অঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও বিভিন্ন ব্যবসায়ীগণের প্রতিনিধিবৃন্দ সহ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন।