নিজস্ব প্রতিবেদক: “মানবিক হও” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর হেতম খাঁ রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় ও রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোলন করা হয়। পরে স্কুলের সামনে থেকে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় স্কুলে সামনে গিয়ে শেষ করে তারা।

র্যালি শেষে অত্র স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দফতরের ম্যানেজিং বোর্ড মেম্বর প্রফেসর ড. চৌধুরী সরওয়ার জাহান সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য প্রফেসর তানবিরুল আলম। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার শামীম মির্জা আহসান ও যুব প্রধান আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা কেক কাটেন। উল্লেখ্য জ্বীন হেনরী ডুনান্ট ১৮২৮ সালে ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরের রু ভারদেইনি নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাঁর প্রতি সম্মান এবং স্বীকৃতি দানের জন্যই প্রতি বছর এই দিনে দিবসটি পালন করা হয়।