নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপি জেন্ডার ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা দুরীকরণ, নিরাপদ ও স্বাধীনভাবে চলাচল ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ কিভাবে দূর করা যায় ও পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা আকবারুল হাসান মিল্লাত, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা সংস্থার নির্বাহী পরিচালক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ফয়েজুল্লাহ চৌধুরী, দূর্গাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নুরুন্নাহার ও সাংস্কৃতিক কর্মী বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু।
নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন অত্র প্রকল্পের ফিল্ড অফিসার রায়হানুল হক রায়হান।
উদ্বোধনীতে উপস্থিত অতিথিরা বলেন, জেন্ডার ও মানবাধিকার বিষয় অনেক বড়। তবে সমাজের নারী ও পুরুষের শারীরিক কিছুটা ভিন্নতা এবং কর্মে সামান্য ভিন্নতা থাকলেও প্রায় সব কিছুতে সমান রয়েছে। সামাজিকভাবে স্বীকৃত কোন কাজ একজন পুরুষ যা পারেন, একজন নারীও তা করতে পারেন। তেমনি করে তৃতীয় লিঙ্গের জনগণ শুধুমাত্র সন্তান জন্মদান ও জৈবিক চাহিদা পুরন করতে পারেন না। কারন সৃষ্টিকর্তা তাদের এভাবেই সৃষ্টি করেছেন। এছাড়া দেশের উন্নয়নের সকল কাজ তারা করতে পারেন। বিধায় তাদের কোন প্রকার বৈষম্য করা যাবেনা বলে জানান তারা। সেইসাথে তারা মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।