নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ১৬নং ওয়ার্ডের কয়েরদাঁড়া লেকসিটি এলাকায় রাস্তা বন্ধ করে বাউন্ডারী ও দেয়াল ও গেটে তালা লাগানোর ফলে ঐ জমির পশ্চিমের দিকে বসবাসকারী ও অন্যান্য জমির মালিকগণ চলাচল করতে পারছেন না। এ নিয়ে অত্র ওয়ার্ডের কাউন্সিলরকে বলেও কোন লাভ হয়নি বলে জানান তারা। অত্র এলাকায় বসবাসকারী গৃহীনি ফাহিমা ও শিক্ষক জামানসহ আরো অনেক বলেন, মূল রাস্তা থেকে ভিতরে তারা দীর্ঘদিন থেকে বাড়ি করে বসবাস করছেন। আবার কেউ কেউ বাড়ি নির্মাণ শুরু এবং বাড়ি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় কোথাকার এক ব্যক্তি চলাচলের রাস্তাসহ জায়গা ক্রয় করে রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।
ফাহিমা বলেন, তারা এই রাস্তা দিয়ে সন্তানদের স্কুলে এবং অন্যান্য কাজকর্ম করতেন। বর্তমানে রাস্তা বন্ধ থাকায় যেখানে পূর্বে প্রধান সড়কে পৌঁছাতে সময় লাগত এক মিনিট। এখন সেই রাস্তায় পৌঁছাতে অনেক ঘুরে আসতে হয়। সেইসাথে সময়ও লাগে অনেক। এদিকে জামানসহ অন্যান্য শিক্ষকরা বলেন, তারা বাড়ি তৈরীর প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ অবস্থার রাস্তা বন্ধ করে দেয়ার নির্মাণ সামগ্রী তারা নিজ জায়গায় নিয়ে যেতে পারছেন না। এমনকি পায়ে হেটে তারা নিজ জায়গায় যেতে পারছেন না। তারা সবাই বলেন, যে ব্যক্তি জমি ক্রয় করে রাস্তা বন্ধ করেছে তার অত্যাচারে মৃত এক পুলিশ সদস্যর স্ত্রী নিজ জায়গা বিক্রি করে যেতে বাধ্য হয়েছেন। এখন যদি রাস্তা খুলে না দেয়া হয় তাহলে ঐ জমিওলার নিকট বাধ্য হয়ে তাদের জমি অল্পদ্বরে বিক্রি করে চলে যেতে হবে বলে অভিযোগ করেন তাঁরা।
সেখানে বসবাসকারীরাই শুধু বিপদে নেই। ঐ এলাকায় যাদের জমি ও বাগান রয়েছে তারাও পড়েছেন বিড়ম্বনায়। এদের মধ্যে রাজশাহী জজ কোর্টের সিনিয়র এডভোকেট আব্দুল হাই বলেন, তাঁরও সেখানে একটি বাগানসহ জমি রয়েছে। ঐ বাগানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। বাগান ও জমি রক্ষায় এখন তিনি বাগান এরিয়ায় বাউন্ডারী দেয়াল নির্মাণ করবেন। কিন্তু রাস্তা বন্ধ থাকায় তিনিও তাঁর জমিতে যেতে পারেছন না। এনিয়ে অত্র ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদকে তিনি মৌখিকভাবে বলেছেন বলে জানান তিনি। তাঁরা সকলেই চলাচলের রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে খুলে দিয়ে তাদের চলাচলের ব্যবস্থা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন।
এবিষয়ে রাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বাউন্ডারী ও গেট নির্মাণ করে যিনি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন তাঁকে তিনি ডেকে পাঠিয়েছেন। কিন্তু তিনি এখনো দেখা না করায় কোন পদক্ষেপ নিতে পারেন নি। আসলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।