নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। আর সেই আলোকিত মানুষই একটি জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী নগরীর হেতমখায় মুসলিম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সততা, অধ্যাবসায় ও নৈতিকতার মধ্য দিয়েই দেশ গড়ে উঠবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে উপনীত হয়েছ। সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা অবশ্যই সফলতা অর্জন করবেএই বিশ্বাস আমার রয়েছে। দেশের প্রতি দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। শেষে তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সরফরাজ নেওয়াজ খান সজল, নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একরামুল হক। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিম, সিনিয়র শিক্ষিকা মনিরা ফেরদৌসী ও সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সোহানা শারমিন, ইস্তেকোয়ামুল এহসান, ফারহানা আফরোজ, সিদ্দিকুর রহমান, সানুওয়ারা খাতুন, হাবিবা খাতুন হাসি-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।