নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন (ইন্না—রাজিউন)। বুধবার বিকেল সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বাঘা উপজেলা চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় পৌনে ১ ঘণ্টার মতো দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও লাঠিপেটাও করে।
এই সংঘর্ষে আশরাফুল ইসলাম এর মাথা ফেটে গেলে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সংঘর্ষের একটি পক্ষে ছিলেন সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুসারীর এবং অন্য পক্ষে ছিলেন বাঘা পৌর মেয়র আক্কাছ আলী। নিহত আশরাফুল শাহরিয়ার আলমের পক্ষে ছিলেন। এই সংঘর্ষের ঘটনায় বাঘা থানায় রোববার মামলা হয়। পরে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
এদিকে বাবুলের পরিবারের পক্ষ থেকে এটাকে পরিকল্পিত হত্যা বলে দাবী করা হয়। নিহতের বোন বলেন, তাঁর ভাইকে মারলেও পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি। আসামীরা প্রকাশ্যে ঘুরের বেড়াচ্ছে। তারা আসামীদের দ্রুত আটক কওে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।