নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে এবং সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশের অতর্কিত হামলা ও গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যা করা হয়। সেইসাথে অসংখ্য নেতাকর্মী এই সময় গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের এই ন্যাক্কারজনক কাপুরুষোচিত হত্যা ও হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কাদিরগঞ্জ থেকে মিছিল শুরু করে সাহেব বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাদ্দেদ জামানি সুমন ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল কাদের বকুল সহ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য সহ মহানগরীর থানা ও ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
যুবদল নেতৃবৃন্দ ভোলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।