নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া রামেক’র আরটিপিসিআর ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা হয়। এতে একজনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনার শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। তার নাম দিজেন্দ্রনাথ চন্দ্র দাস (৬৫)। শুক্রবার দিনগত রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিজেন্দ্রনাথ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে দুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে রামেক হাসপাতালের ২৪ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ১২ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৬ জন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫ জন। অন্যজন করোনা নেগেটিভ।