নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক-১ আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাউন্সিলর কামাল হোসেন এ মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার দুপুরে তিনি রাজশাহীতে নিম্ন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের প্রার্থনা করেন।
তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। গত ৩০ জুন নগরীর দাশপুকুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহত হন। নিহতদের মধ্যে জয়নাল আবেদিন নামে একজন কাউন্সিলর কামাল হোসেনের ভাতিজা। অপরপক্ষের নিহত শফিকুল ইসলাম নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ নিয়ে দুটি মামলা হয়। শফিকুল হত্যার আসামি কাউন্সিলর কামাল হোসেন।