নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের সহায়তায় হাবিব খান(১১) নামে এক শিশু ফিরে গেল তার মায়ের কোলে। হাবিব খান পাবনা জেলার সুজানগর থানার মাছপাড়া গ্রামের পিতা আসলাম খান ও মাতা আছমা খাতুনের ছেলে। কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম বলেন, হাবিব তার নিজ গ্রাম ও বাবা-মায়ের নাম ছাড়া আর কিছু বলতে পারছিলো না। গ্রামের নাম বলায় অনেক কষ্ট করে অত্র এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল ইসলাম সফির সাথে মোবাইলে যোগাযোগ করেন। এর ফলে ছেলেটির বাবা, দাদাসহ অন্যান্য আত্মীয়স্বজন রাজশাহীতে আসেন এবং আরএমপি চন্দ্রিমা থানার মাধ্যমে রোববার দুপুরে হাবিবকে তার বাবা ও দাদার হাতে তুলে দেয়া হয়।
হাবিব এর পিতা আসলাম খান বলেন, তার ছেলে চলতি মাসের ৭তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে বাসা থেকে বেড়িয়ে যায়। এরপর আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করে না পেয়ে শেষে ৮ এপ্রিল সুজানগর থানায় হারানো মর্মে একটি সাধারণ ডায়েরী করেন। কারিতাস বাংলাদেশ রাজশাহীর আলোকিত প্রকল্পের কর্মকর্তার মাধ্যমে তাদের ইউপি চেয়ারম্যান তার ছেলের খোঁজ দেন এবং রাজশাহী পদ্মালেকের একটি বস্তিতে আছে বলে জানান চেয়ারমান। তাঁর তথ্যের ভিত্তিত্বে রাজশাহীতে এসে আইননী প্রক্রিয়া শেষে চন্দ্রিমা থানা থেকে তিনি তার ছেলেকে নিয়ে যান বলে জানা তিনি। ছেলের খোঁজ দেয়ার জন্য এবং বস্তিতে নিরাপদে রাখার জন্য জিম্মাদার ও আলোকিত প্রকল্পের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে চন্দ্রিমা থানার ডিউটি অফিসার ইয়াসমিন আরা বলেন, কারিতাস বাংলাদেশের কর্মকর্তাগণ তাদের সাথে যোগাযোগ করে ঐ ছেলেটিকে থানায় নিয়ে আসেন। এরপর আইনী প্রক্রিয়া শেষে ছেলেটিকে সবার সামনে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছেলের দাদা আব্দুল মান্নান, চাচা ইমরান খান, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আলোকিত প্রকল্পের কর্মী আকতারুজ্জামান ও সামুয়েল বাস্কী।