নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু অত্র জেলায় চেয়ারম্যান পদে কোন প্রতিদন্দিতা না থাকায় বিনা প্রতিদন্দিতায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ১২ টায় শহরের স্বরুপনগরের বাসভবনে নয়া চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ। সেইসাথে নেতৃবৃন্দ আদিবাসীর ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে লেখা বই ” মাদল ” উপহার চেয়ারম্যানকে।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি লুইস মুরমু, সাধারণ সম্পাদক কর্নেলিয়াস মুরমু, ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ হেমব্রম, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিমিয়ন কিস্কু, সাংগঠনিক সম্পাদিক খিরতী বাড়ৈ, কোষাধ্যক্ষ মদন হাঁসদা, যুব সম্পাদক সুবাস হাঁসদা ও নির্বাহী সদস্য সন্তোষ টুডুসহ ফোরামের অন্যান্য সদস্যরা ।
শুভেচ্ছা গ্রহন করে চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলায়, সাম্প্রদায়িকতার ঠাই নাই। সব ধর্ম, বর্নের মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কাজ করে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি।