নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুড়ে হানা দিয়েছে ভয়ঙ্কর এডিস মশা। এই মশার কামড় থেকে রক্ষা পেতে করনীয় কি, লক্ষন কি, চিকিৎসাসেবা ও খাবার অভ্যাস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে রাজশাহী সিটি হাসপাতালের হলরুমে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনা বিষয়ক সভায় রাসিক এ বিভিন্ন ওয়ার্ডের সমাজসেবী নারীরা অংশগ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন রাসিক শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরীর পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসেবার সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। নিজ নিজ বাড়ীর আশপাশ পরিস্কার ও পানি ধারনকৃত পরিত্যাক্ত সকল জিনিসপত্র না রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ব্যক্তি মালিকানাধীন কোন বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সচেতনামূলক পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় ডেঙ্গু বিষয়ে আলোচনা করেন রাসিক এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। আলোচনায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। এসব বিষয়ে কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। সভায় ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ, ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা বিষয়ে আলোচনা করেন। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন করতে স্বাস্থ্যকর্মীরাগণ এ সংক্রান্ত লিফলেট বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।
সেইসাথে পাড়া মহল্লায় মাইকিং করা হচ্ছে, ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, টিনের কোঁটা, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে না দেয়ার পরামর্শ দেন। যেসব স্থানে মশা জন্মাতে পারে সেসব স্থানের পানি জমতে না দেয়া। দিনে ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করার আহ্বান জানান। ডাব- নারিকেলের খোসা, ভাঙ্গা কলস, টিনের কৌটা ব্যবহারের পর জমিয়ে না রেখে মাটিতে পুঁতে রাখুতে পরামর্শসহ নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম বনি, সিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার উম্মুন খায়ের ফাতেমা শোভা, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক ও রাসিক স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা দুলাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।