নিজস্ব প্রতিবেদক: সীমানা পুনঃনির্ধারণ ছাড়াই পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন চলতি বছরের ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এই নির্বাচনে কোন ভাবেই বিএনপি যেন অংশগ্রহন না করে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়। রোববার নগরীর বিসিক এলাকায় হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, এই ফ্যাসিস্ট সরকারের আমলে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। অতিতেও হয়নি। আগামীতেও হবেনা।
তিনি বলেন, এই সরকার গণতন্ত্র ধ্বংস করে আবারও বাকশাল কায়েম করেছে। দেশে নিত্যপন্যের উর্ধ্বগতির কারনে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সেইসাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। সারাদিনে চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকেনা। অথচ এই সরকার বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করছে। বলছে দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই। তিনি আরো বলেন, দেশে নেই কোন বিচার। এ অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলন দমনে এই বিনাভোটের সরকার আজ্ঞাবহ আইন শৃংখলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে।
মিলন আরো বলেন, এই সরকারের নানা ধরনের অন্যায় ও গণতন্ত্রহীনতা এবং বিচারবহির্ভূত হত্যা এবং দিনের ভোট রাতে করাতে এই সরকারের বিরুদ্ধে আমেরিকা ভিসানীতি প্রদান করেছে। কানাডাও একই পথে হাটছে বলে উল্লেখ করেন। সরকার এখন কচুর পাতার উপরে পানির ন্যায় দাঁড়িয়ে আছে। যেকোন সময়ে ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালাবে এই সরকার।
তিনি বলেন, তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের একদফা দাবী এবং দশ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলন সফল করতে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহন করবেনা। সে বিষয়ে হরিয়ান বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আসছে ইউপি নির্বাচনে অংশগ্রহন না করার জন্য নির্দেশ প্রদান করনে। কেউ নির্বাচনে অংশগ্রহন করলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুমিয়ারী প্রদান করেন মিলন।
এই নির্বাচন নিয়ে হরিয়ান বিএনপি’র করণীয় বিষয় নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিয়ান বিএনপি’র আহ্বায়ক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য নজরুল ইসলাম, শাহাজাহান আলী, অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, হরিয়ান বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়া, জেলা মৎস্যজীবি দলের আলহাজ¦ বকুল আহম্মদ, পবা বিএনপি’র সদস্য সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, হরিয়ান বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মুন্নাফ, আসাদুজ্জামান বাবু, হাবিব ও মুকুল হোসেন।