নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল আজিজ এর উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা শসস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। শুক্রবার রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালের-১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি এখন সেখানেই চিকিৎসারত রয়েছেন। আব্দুল আজিজ নাটোর চার আসন (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপি মনোনিত এমপি প্রার্থী, ধারাবারিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গুরুদাসপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই হামলা সম্পর্কে বলেন, শুক্রবার জানাযা শেষ করে বাসায় ফিরছিলেন আব্দুল আজিজ। এসময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁকে এলোপাতারী ধারালো অস্ত্র দিয়ে দেহের বিভিন্ন স্থানে উপর্যপরি আঘাত করেন। প্রকৃত পক্ষে আজিজকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি। ইতোপূর্বে গুরুদাসপুরে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। কিন্তু বিচার আজও হয়নি বলেও জানান এই নেতা।
তিনি আরো বলেন, আব্দুল আজিজ এর অবস্থা ভালো নয়। তাঁর সুচিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। মামলা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে এই নেতার প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করা হচ্ছে। পরে মামলা হবে। তবে স্থানীয় থানা মামলা নেবেন কিনা সেটি এখন দেখার বিষয়।
এদিকে তার চিকিৎসার খোজ খবর নিতে তাৎক্ষণিক রাতেই রামেক হাসপাতালে ছুটে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাড শফিকুল হক মিলন। তাঁকে দেখার পরে তিনি বলেন, সন্ত্রাসীরা তাঁর বাম পায়ের রগ কেটে দেয় এবং বাম হাত ও মাথায় ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে কেটে ফেলেছে। রোগির অবস্থা খুব ভালো নয় বলে উল্লেখ করেন তিনি। বিএনপি নেতা আজিজ এর উপর ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেইসাথে দ্রুত আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় এনে বিচার দাবী করেন মিলন।
এ সময়ে মেডিকেলে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, শাহ্ মখ্দুম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শ্যামল শেখ, শাকিলুর রহমান রন, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম বুলেট ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
রাজশাহী মহানগর বিএনপি আহবায়ক কমিটির নিন্দা ও প্রতিবাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল আজিজ এর উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা শসস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা, সদস্য সচিব মামুর রশিদসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্য এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন। এছাড়াও বিএনপি’র এই নেতার দ্রুত সুস্থ্যতা কামনা করেন তারা।
এছাড়াও আহবায়ক এশা বিএনপি’র এই নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান। এ সমেয় তাঁর সঙ্গে ছিলেন আহবায়ক কমিটির সদস্য বজলুল হক মন্টু, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজশাহী জেলা বিএনপি নিন্দা ও প্রতিবাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল আজিজ এর উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা শসস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারসহ আহবায়ক কমিটির সকল সদস্য এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন। এছাড়াও বিএনপি’র এই নেতার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করেন তারা।