নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিন ধরে নিজস্ব কবরস্থানের অভাবে এলাকাবাসীকে দাফন-কাফনের জন্য রাজশাহী শহরসহ বিভিন্ন এলাকার কবরস্থানের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে মৃত ব্যক্তিদের দাফনে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন স্বজনরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর ২টায় হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রাম পরিদর্শন করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং কবরস্থানের সংকটের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের কবরস্থানের সংকটের কথা তুলে ধরে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান। তাদের অভিযোগ, নিজস্ব কবরস্থান না থাকায় প্রিয়জনদের দাফনের জন্য দূর-দূরান্তে যেতে হয়, যা শোকাহত পরিবারের জন্য অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
এলাকাবাসীর দাবি শুনে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে, যাতে বসুয়া গ্রামের মানুষ ভবিষ্যতে দাফন-কাফনের ক্ষেত্রে আর ভোগান্তিতে না পড়েন। পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, আরডিএ চেয়ারম্যানের এই উদ্যোগের মাধ্যমে বহুদিনের কবরস্থানের সংকটের একটি স্থায়ী সমাধান হবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।