নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। সেইসাথে একের পর এক তাঁর নামে মামলা দিয়ে যাচ্ছে এই সরকারের আজ্ঞাবহ বাহিনীর সদস্যরা। এই সকল মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জাতীয়বাদী শিক্ষক ফোরাম।
লিখিত বক্তব্যে জাতীয়তবাদী শিক্ষক ফোরাম রুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. এস.এম আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রবিউল ইসরাম সরকার উল্লেখ করেন, গত ২৮ জুলাই বিএনপি ঘোষিত ঢাকার মহাসমাবেশে যোগ দিতে গেলে তাঁকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পার্শবর্তী এলাকা থেকে পুলিশ আটক করে। সম্প্রতি তাঁকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়েছে। মামলায় জামিন পেলেও তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করে রাখার জন্য নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। এই মামলাগুলো সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, রাজশাহীর গণতন্ত্রকামী মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তাঁরা আরো উল্লেখ করেন মিলন শারীরিকভাবে খুব অসুস্থ। তাঁর স্ত্রীও অসুস্থ। তিনি প্রায় দেড় মাস যাবৎ কারাগারে রয়েছেন। এতে শুধু তিনি নিজেই চিকিৎসাবঞ্চিত হচ্ছেন না। তাঁর সহ-ধর্মীনিও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরাই লড়াই সংগ্রাম করছেন তাঁদেরকেই বিভিন্ন মামলায় আটক করা হচ্ছে। শুধু তাইনয় তাঁদের আইনানুগ মুক্তি পতে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। মামলা,হামলা ও জেলে আটক রেখে জনদাবীকে উপেক্ষা করা যায়না বলে তাঁরা দাবী করেন।
মিথ্যা ও বানোয়াট অভিযোগে রাজশাহীর জনপ্রিয় নেতা এডভোকেট শফিকুল হক মিলনকে ষড়যন্ত্রমূলকভাবে আটক রাখার তীব্র নিন্দা জানান তাঁরা। সেইসাথে মিলনসহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের আইনানুগ মুক্তির পথে অনৈতিক বাঁধা প্রদান হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।