নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহ্ মখ্দুম থানার পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতা-সহ আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্ মখ্দুম থানার পুলিশ। এসময় আসামিদের নিকট থেকে ডাকাতি হওয়া আরও ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় এই আসামীদের আটক করতে তারা সক্ষম হয়েছেন বলে জানান।
এই মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেফতার-সহ মোট ২০ লক্ষ ৬৯ হাজার ১০৬৫ টাকা উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ডাকাতির মূল হোতা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার মোকলেছুর রহমানের ছেলে নুর আলম নুরু (২৩), এ্যাম্বুলেন্স চালক পবা থানার বীর গোয়ালিয়ার মকবুল হুসাইনের ছেলে মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং রাজশাহী জেলার দূর্গাপুর থানার দাওকান্দি ব্রিজপাড়ার আব্দুর রশীদের ছেলে কামরুজ্জামান লিটন (২৬)।
উল্লেখ্য গত ২১ আগস্ট ভার সাড়ে ৫ টায় নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পান ব্যবাসায়ীর ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র-সহ গ্রেফতার করা হয়। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করেন পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশে ডাকাতি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও মুল হোতা-সহ সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে শাহ্ মখ্দুম থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয় করেন। পরবর্তীতে অত্র থানার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নূরে আলমের নেতৃত্বে শাহ্ মখ্দুম থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দূর্গাপুর থানা এলাকা হতে আসামিদের গ্রেফতার করেন। এসময় আসামিদের নিকট হতে ডাকাতি হওয়া আরও ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করেন তারা।
অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।