নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়ায় দেয়াল চাপায় রিয়াজুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের অকাল মৃত্যু হয়। শনিবার ইনতাজ আলীর নতুন ভবনেরর বেজমেন্টের মাটি কাটার সময় বেলা ৩টার দিকে পার্শবর্তী বাড়ির দেয়াল ধ্বসে মাটি চাপায় রিয়াজুলের মৃত্যু হয়। রিয়াজুল গোদাগাড়ীর মাহাতাব আলীর ছেলে।
গুরুত্বর আহত হয়েছেন শাকারাম টুডুর ছেলে ফিলিপ, মনছুর রহমানের ছেলে মনজুর আলী, আব্দুস সাত্তারের ছেলে কাজিম ও আফজালের ছেলে এনামুল। এরা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এই দূর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বেজমেন্টের মাটিকাটার সময় বক্সইন সেইফটি না থাকায় এই ধূর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের বেশীভাগই নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রতিনিয়তই কর্মস্থলে শ্রমিকরা আহত ও নিহত হচ্ছেন। তারা আরো বলেন, বিল্ডিং কোড ও শ্রম আইনে নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টণী থাকার কথা থাকলেও আইনের কোন বাস্তবাবয়ন নাই। যার প্রেক্ষিতে ২০২১ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কর্মস্থলে শ্রমিক নিহত হয়েছেন ১৩৮জন।
নেতৃবৃন্দ আরো বলেন, কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন এবং নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রয়েছে। শ্রম আইনের ৩২৩ ধারা মোতাবেক শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও আইন কানুনের বাস্তবায়ন নাই বলে নির্মাণ শ্রমিকদের অকালে প্রাণ দিতে হচ্ছে।
নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান এবং নিহত ও আহত শ্রমিকদরে সুচিকিৎসা ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবী জানান। সেইসাথে অবহেলার কারনে ভবন মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।