নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে র্যাব-৫ এর বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মন্জুর মোর্শেদ ওরফে রাজু উদ্দীন মন্জুর মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার ভোরে তাকে রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে র্যাব-৫ এর সদর কোম্পানীর এ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দল জানতে পারে বদলগাছী থানার একটি হত্যা মামলার আসামী মহানগরীর লক্ষীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মৃত আছির মন্ডলের ছেলে। বদলগাছী থানার মামলা নং-০২, তারিখ-০৩/১০/১৯৮৭, এস/সি-১৯/১৯৮৮, জিআর-৫২/১৯৮৭, ধারা-৪৪৮/৩২৬/৩০৭/১১৪/৩০২ দঃবিঃ। দীর্ঘদিন ধরে তিনি রাজশাহীতে পলাতক অবস্থায় লুকিয়ে আছেন বলে র্যাবের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করেন।
সেই সংবাদের ভিত্তিতে তাকে লক্ষীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডে জড়িত থাকা এবং আদালত কর্তৃক সাজা হওয়ার কথা স্বীকার করেন। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।