নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাঁটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। একই সঙ্গে আগামী রোববার পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে শুনানির দিন ধার্য করেন।
এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। বুধবার ভোরে রাজধানীর ঈশা খা হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব। নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের ১৩ নং কাউন্সিলর আব্দুল মোমিন এর দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন থানায় তিনটি অভিযোগ দায়ের করা হবে। তবে একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। সেইসাথে মেয়র পদ থেকে অপসারণের জন্য আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, বৃহস্পতিবার রাত ২টা থেকে ২.৩০টার মধ্যে আব্বাস আলীকে ঢাকা থেকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে আসা হয় এবং সকাল ৭টায় রাজশাহী মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ প্রেরণ করা হয়। সেইসাথে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ বিষয়ে আগামী রোববার শুনানীর দিন ধার্য করেছেন বিজ্ঞ বিচারক। তবে রিমান্ড পাবেন বলে তিনি আশা করেন। রিমান্ডের মাধ্যমে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।