নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে চতুর্থ ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের একটি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সদস্য ও রাসিক জোন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। প্রধান অতিথি ছিলেন কোর কমিটির সভাপতি ও রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, রাজশাহী সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুন নাহার খাতুন, রাসিক এর চিফ কমিউিনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান ও রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি হাসান।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টিমেটর সিরাজ হোসেন, কারিতাস রাজশাহী অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপক এক্কা, আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময়ে তুলে এনে ডায়লগ কর্মশালায় তুলে ধরেন। সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়।
তিনটি বিষয় হলো জলাবদ্ধতা, নিরাপদ পানি ও অস্বাস্থ্যকর ল্যাট্রিন। এই তিনটি বিষয়ে প্রকল্পের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য এই সভায় পরিকল্পনা গ্রহন করা হয়। সভায় যেসব সরকারী ও বেসরকারী কার্যালয় হতে বস্তিবাসীর জন্য সেবা প্রদানের লক্ষে সহযোগিতা পাওয়া যাবে, সে সকল অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলোচনা করা এবং উক্ত বিষয় সম্পর্কে অবগত করা বিষয়ে আলোচনা হয়। সেইসাথে কোথায় কোথায় সাবমার্শিবল পাম্প স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে কয়টি ড্রেন, কি পরিমান করা প্রয়োজন তা বস্তি এলাকা থেকে তুলে আনার জন্য ভলান্টিয়ারদের পরামর্শ দেয়া হয়।