নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রথম মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটির বর্তমান মেয়র।
রোববার দুপুর ১২টায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু এবং মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহীর সর্বস্তরের আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র লিটন বলেন, তিনি দলীয় নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেন রোববার মনোনয়নপত্র উত্তোলনের। এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে রাজশাহীর সর্বস্তরের যে বার্তাটি পৌছে যাবে যে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে দলীয় যে সিদ্ধান্ত নিয়েছিলেন, নির্বাচনে সেটিকে কার্যকরী করার জন্য যে আনুষ্ঠানিকতা বাকি ছিল সেটি শুরু করা হলো।
তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে মতবিনিময় করেছেন। সামনে আরো করতে থাকবেন। আগামী ২১ মে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে। ২ জুন প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন বলে উল্লেখ করেন তিনি।