নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা দ্রুত বিচার আইনে নিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। রাজশাহী নগর ভবনের সামনে দুপুর ১২টা থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনা গণতন্ত্রের ওপর হুমকি। এর সুষ্ঠু বিচার না হলে তা অতীতের ঘটনাগুলোর মতোই খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই সব আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
নেতারা বলেন, বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহত হওয়ার ঘটনা সাংবাদিক মোহলকে হতবাক করেছে। নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানা তাঁরা। বিশেষ করে এ ঘটনার মূল হোতা জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সব সহযোগীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব রাশেদ রিপন, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, বিটিভির নিজস্ব প্রতিবেদক আজিজুল ইসলাম, এসএসটিভির ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল প্রমুখ।
উল্লেখ্য গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে এ নৃশংস হামলার ঘটনার ঘটে। এরপর বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু হয়। গোলাম রাব্বানী নাদিম উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।