নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টি.ইউ.সি রাজশাহী জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর গণকপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন টি.ইউ.সি রাজশাহী জেলা কমিটির সভাপতি আইউব হোসেন কাউম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাব এর কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, টি.ইউ.সি এর সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ উজ্জল কাজল, হোটেল শ্রমিক নেতা ফিরোজ ও উদিচি শিল্প গোষ্ঠী রাজশাহী জেলা শাখার সভাপতি অজিদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন সঞ্চালনা করেন ইনসাব এর অর্থ সম্পাদক শ্রমিক নেতা মুকুল।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী শিক্ষানগরী হওয়ায় কাজের সুযোগ অনেকাংশে কম। এর মধ্যে অনেক কলকারখানা বন্ধ থাকায় রাজশাহীবাসী কর্ম হারিয়ে বেকার বসে আছে। বেকারত্ব লাঘব করতে রাজশাহীর বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করার দাবী জানান। এছাড়াও তারা সর্বস্তরের শ্রমিকদের রেশনিং কার্ড প্রথা চালু এবং শ্রমিকদের জন্য জাতীয় নূন্যতম মজুরী ২০হাজার টাকা ঘোষনা করার দাবী জানান। এর কারন নির্মাণ সামগ্রী যেমন- রড ও সিমেন্ট সহ অন্যান্য সামগ্রীর অতিরিক্ত মূল্য বৃদ্ধি। অনতিলম্বে নির্মাণ সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যর দাম কমানোর জোর দাবি জানান তারা।