নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে বোরবার বিকেল ৪টার দিকে সনদ প্রদান করা হয়। বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের সহযোগীতায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শতাধিক তরুন-তরুনীরকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। পঞ্চাশ জন করে দুই ব্যাচে মোট একশজনকে এই প্রশিক্ষণ প্রদান করা হয় বলে রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রুডো) সাধারণ সম্পাদক সোহাগ আলী তাঁর শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্পের মেয়াদ ছিলো এক বছর। বোরবার উভয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদানের মাধ্যমে এই প্রকল্পের সমাপনী করা হলো।
নগরীর ডাবতলা সংলগ্ন একটি রেস্তোরাঁয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুডো এর সহ-সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সভাপতি জামাত খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী ওয়েব এর সভাপতি আনজুমান আরা লিপি ও রুডোর নির্বাহী সদস্য গোলাম হাসান মেহেদী। এছাড়াও সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ রুডোর সংস্থার এই ধরনের কার্যক্রমের প্রসংশা করে বলেন, এখন ডিজিটাল যুগ। এই যুগে কম্পিউটার সম্পর্কে না জানলে কোন কাজ করাই সম্ভব নয়। যে কোন চাকরীতে এখন কম্পিউটার জানা লোক চাচ্ছে। শুধু চাকরী নয়। নিজে ভালমত কম্পিউটার জানলে অনেক কাজ ঘরে বসে করে অর্থ উপার্জন করা যায়। অনেক যুবক-যুবতী ঘরে বসে এখন অনেক টাকা উপার্জন করছে। এই সনদ নিয়ে ঘরে ফেলে না রেখে চর্চা করে নিজেকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান অতিথিবৃন্দ।
বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। প্রশিক্ষণার্থীরা সনদপত্র পেয়ে অনেক খুশি। তারা বলেন, এখন আর বেকার থাকতে হবে না। কম্পিউটার নিয়ে বসলেও সারাদিন একটা ভাল আয় করা যাবে উল্লেখ করে রুডো সংস্থাকে ধন্যবাদ জানান তারা।