নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন (রাসিক) সুষ্ঠু করার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার সকালে মহানগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার লিখিত বক্তব্য উল্লেখ করেন, সরাসরি দেশ শাসন বা সেবামূলক প্রতিষ্ঠানসমূহ পরিচালনা প্রক্রিয়ায় অংশ নেয় না। তারা এই কাজটি সম্পন্ন করে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। আর এই জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিই হচ্ছে নির্বাচন। এই বাছাই প্রক্রিয়া যদি সঠিক হয়, তবে একথা বলা যায় যে, রাষ্ট্রের মালিকরা তাদের প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র বা সেবামূলক প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করছে। আর যদি সঠিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচিত না হন, তবে সেকথা বলার সুযোগ থাকে না।
তাই, জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠার জন্য সঠিক জনপ্রতিনিধি নির্বাচন তথা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকলেও এতে অনেক অংশীজন (স্টেক হোল্ডার) সংশ্লিষ্ট থাকে। একটি নির্বাচন তখনই অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু হয়, যখন সকল অংশীজন স্ব স্ব অবস্থানে থেকে স্ব স্ব ভূমিকা যথাযথভাবে পালন করে। তাই সংবাদ সম্মেলন থেকে নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের কাছে ‘সুজন’-উদাত্ত আহ্বান জানান।
সেইসাথে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনসহ সরকার, রাজনৈতিক দল, মন্ত্রী ও সংসদ সদস্য, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী, প্রার্থী ও সমর্থক, সচেতন নাগরিক ও ভোটাদের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুজনের রাজশাহী মহানগর সভাপতি পিয়ার বকস, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলার সভাপতি সফিউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ ও সমন্বয়কারী মিজানুর রহমান।