নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে উদযাপিত হয়। কর্মসূচির শুরুতে র্যালি কওে যেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচআরডি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, হিসাব সমন্বয়কারী রনজিৎ কুন্ডু, সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেন এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল ম্যানেজার ইমরুল আসাদ।
আলোচনা সভার শুরুতে ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ তার পরিবার ও অন্যান্য শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী তাঁর বক্তব্যে বলেন, নির্মমতা ও নিষ্ঠুরতার একটা মাত্রা আছে। কিন্তু এই খুনের দ্বারা নির্মমতা ও নিষ্ঠুরতার মাত্রা ছাড়িয়ে গেছে। তিনি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানান। পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু এবং তাঁর নীতি ও আদর্শ সম্পর্কে জানানো এবং সমাজ ও দেশের উন্নয়নে তা কাজে লাগানো তাঁদের দ্বায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। আর এই দায়িত্ববোধ থেকেই মূলতঃ শাপলা এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করে। যা আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে শাহাদতবরণকারী জাতির পিতাসহ তার পরিবারের সদস্যবৃন্দ ও অন্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।