নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাসদ রাজশাহী মহানগর শাখার সভাপতি রাজশাহী কলেজের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী। সোমবার বিকেল সাড়ে ৩ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জাসদের সহ-সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, আশরাফুল ওমর দুলাল, জাসদ মহানগর শাখার সদস্য গোলাম হায়দার পিকুল, দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহর হোসেন রনি, সহ-সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা ও আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিবলী বলেন, এ আসনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এরই মধ্যে তাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে- তা প্রতিহত করার জন্য জাসদ যেমন রাজপথে আছে, ঠিক তেমনি সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে। তার প্রতি সম্মান জানিয়ে বলেন নির্বাচন যে প্রক্রিয়া হওয়ার কথা ছিলো সে প্রক্রিয়াতেই হচ্ছে।
উল্লেখ্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।