নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্র ঘোষিত সারাদেশব্যাপি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মহানগরীর বাটার মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত অংশগ্রহনকারীদের মধ্যে থেকে আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোট সাতজন বিএনপি নেতাকর্মীকে আটক করে। মানববন্ধন চলাকালীন ও শেষে এই সকল নেতাকর্মীদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, যুবদল রাজপাড়া থানার সাবেক সভাপতি রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শাহানুর ইসলাম মিঠু(৫০), বিএনপি নেতা বাগমারা থানার চকিরপাড়া তাহেরপুর এলাকার সোজতি আলী দপ্তরীর ছেলে রমজান আলী(৪৪), দূর্গাপুর থানার সাইবার কাঠালবাড়িয়া এলাকার মৃত মামুন কবির সরকারের ছেলে মারুফ জাহান সরকার মিনহাজ¦(৩৬), মতিহার থানার অন্তর্গত বুধপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন (৪৫), দূর্গাপুর থানার অন্তর্গত সিংগা এলাকা হারেজ উদ্দিন আহম্মেদ এর ছেলে বিএনপি নেতা আহম্মেদ রেজাউল হক স্বপন(৫০), কাঁকনহাট পৌর বিএনপি’র সভাপতি হান্নান এর ছেলে হাবিবুর রহমান (৩৭) ও কাঁকনহাট হাটপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মশিউর রহমান(৪৪)।
বোয়ালিয়া থানার সেকেন্ড অফিসার ইফতেখায়ের বলেন, সকল আসামীকে নাশকতাসহ অন্যান্য মামলায় আসামী করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এদিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন দেশে কোন প্রকার গণতন্ত্র যে নাই তার প্রমান আবারও দিলো পুলিশ। পুলিশের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ন সমাবেশ থেকে যে ভাবে নেতাদের আটক করা হলো অত্যনাত ন্যাক্কারজকন ঘটনা। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত এই সকল আসামীর মুক্তির দাবী করেন।