নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত চর এলাকায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আদিবা আনজুম মিতা। মঙ্গলবার দিনব্যাপী তিনি গোদাগাড়ী উপজেলার চর নওশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমতলা চকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কয়েকশো শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময়ে মিতা বলেন, তাঁর নিজ উদ্যোগে রাজশাহীর কয়েকটি উপজেলায় কম্বল বিতরণ করবেন বলে ভেবেছিলেন। তারই ধারাবাহিকতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করলেন বলে উল্লেখ করেন। আজ বুধবার তানোর উপজেলায় কম্বল বিতরণ করবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, তীব্র শীতে গ্রামের অসহায় মানুষরা সবচেয়ে বেশি কষ্টে আছেন, সকলের দায়িত্ব তাদের জন্য কিছু করা। তিনি গরিব, অসহায় মানুষের পাশে ছিলেন আগামীতেও থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। এই সামান্য উপহার যদি তাদের মুখে একটু হাসি ফোটায় তাতেই তিনি খুশি।
এসময় রাজশাহী-১ আসনে নৌকাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তাদের সুখে দুখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই সংসদ সদস্য।