নিজস্ব প্রতিবেদক: সারাদেশের একসাথে অনুষ্ঠিত হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ৬২৯৫টি আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারাদেশের ন্যায় রাজশাহীর ৭ টি কেন্দ্রে মোট ৯১৩৮ জন পরীক্ষার্থী এমবিবিএস ভতি পরীক্ষায় অংশ নেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। শিক্ষা মন্ত্রণালয়, ডিটেকটিভ ব্রাঞ্চ ও স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন দলকে অতি তৎপর দেখা যায়।

পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে আগের দিন থেকে পরীক্ষার্থী ও অভিভাবকগণ বাহিরে থেকে আসেন। কেউ আবাসিক হোটেল, কেউ মেসে আবার কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে থাকেন। সকাল প্রায় সাড়ে ৮টার দিক থেকে কেন্দ্র সমুহের দিকে আসতে দেখা যায় অভিভাবিক ও পরীক্ষার্থীদের। অল্প সময়ের মধ্যে কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের জটলা দেখা যায়।
এরপর পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বের হওয়ার সময় অভিভাবকদের চাপে রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ও নিউ গভ: ডিগ্রী কলেজসহ প্রায় প্রতিটি কেন্দ্রের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে করে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্র থেকে বের হয়ে যেতে পারে সেজন্য পুলিশ ছিলো খুব তৎপর।