নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হড়গ্রামে অবস্থিত ইউসেপ মোমেনা বখশ টেকনিক্যাল স্কুলে মঙ্গলবার দিনব্যাপি পিঠা উৎসব পালিত হয়। সেইসাথে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। রাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দিনব্যাপি এই কর্মসূচীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ মোমেনা বখশ স্কুলের হেড আবদুল্লাহ আল কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্ট্রিপ্রিনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী শাখার সভাপতি এবং ইউসেপ রাজশাহী রিজিয়নের নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ রবিউল আলম মাসুম এবং ইমপোর্টার এবং এক্সপোর্টার, মেসার্স সোনালী প্রত্যয় রাজশাহী ও ইউসেপ রাজশাহী রিজিয়নের এ্যাডভাইজারি কমিটির সদস্য মাসেদুন নবী মাসুদ। এছাড়াও অত্র স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১৫ তারিখ এস.এস.সি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহনকারীদের ভালভাবে এবং প্রশ্ন দেখে বুঝে উত্তর দেয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, অতিতে বাংলার ঘরে ঘরে পিঠা উৎসব হতো। আত্মীয়স্বজন নিয়ে পিঠা খাওয়া হতো। কিন্তু এখন সেদিন গুলো নাই বললেই চলে। এই উৎসবগুলো জীবন থেকে হারিয়ে গেছে। এই ধরনের উৎসব দেখে অতিতের সেই স্মৃতিগুলো মনে পরছে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে তিনি বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন তিনিসহ উপস্থিত অতিথিবৃন্দ।