নিজস্ব প্রতিবেদক: উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। তারই অংশ হিসেবে উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর উদ্যোগে বুধবার এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । রাজাবাড়ী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১০০টি কাঁঠাল গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহীর যুগ্ম নিবন্ধক মোখলেসুর রহমান। প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাবাড়ী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপ-পরিচালক ইসমাইল হোসেন, রাজশাহী জেলা সমবায় অফিসার আবু সাইফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ সার্জন রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. গোলাম মাওলা।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপন ও তা সংরক্ষণের কোনো বিকল্প নেই। বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর এই জাতীয় আহ্বান অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ। প্রকৃতির সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য বক্তারা আহ্বান জানান।