বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশ সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানিয়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। তাঁদের দাবি, জেলা সুপারিশ কমিটির সুপারিশ অনুযায়ী বস্তায় নিট ওজনের ৫ কেজি হারে বাদ দিয়ে প্রতি কেজিতে সর্বোচ্চ আলুর ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করতে হবে। এর ব্যত্যয় হলে কৃষক ও ব্যবসায়ীরা তা মেনে নেবেন না। আন্দোলনের পাশাপাশি আইনগত পদক্ষেপে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। এ সময় সমিতির সভাপতি আহাদ আলী শাহসহ সংগঠনের অন্য নেতা ও চাষিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইফতেখারুল ইসলাম ডনি বলেন, প্রায় দুই বছর ধরে তাঁরা হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের আলু উৎপাদনকারী জেলাগুলোতে যৌক্তিক ভাড়া নির্ধারণের লক্ষ্যে পৃথক সুপারিশ কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার সুপারিশ কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে জমা হয়েছে।

রাজশাহী জেলা সুপারিশ কমিটির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নানা প্রতিকূলতা ও হিমাগার মালিক পক্ষের অসহযোগিতার মধ্যেও কমিটি প্রায় একটি নিরপেক্ষ সুপারিশমালা দিয়েছে। সুপারিশের কিছু বিষয়ে কৃষক-ব্যবসায়ীদের ভিন্নমত থাকলেও তাঁরা তা গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, রাজশাহী জেলা সুপারিশ কমিটির প্রতিবেদনের ৮ নম্বর কলামে বস্তাপ্রতি অতিরিক্ত পাঁচ কেজি আলু বাদ দিয়ে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন আলু উৎপাদনকারী জেলার প্রতিবেদনেও গড়ে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা ২০ পয়সা উল্লেখ করা হয়েছে। এরপরও হিমাগার মালিকদের অনড় অবস্থানের কারণে যৌক্তিক ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি।

সংগঠনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মঙ্গলবার আজ নির্ধারিত বৈঠকে গ্রহণযোগ্য ও যৌক্তিক ভাড়া নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত না হলে কৃষক-ব্যবসায়ীরা জেলা সুপারিশ কমিটির সুপারিশ অনুযায়ী ভাড়া প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় হিমাগার মালিক পক্ষকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দেশের আলু উৎপাদনে রাজশাহী ও রংপুর অঞ্চলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই অঞ্চল মিলে দেশের মোট আলু উৎপাদনের প্রায় ৭০ শতাংশ উৎপাদন করে। অথচ হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণে গঠিত জাতীয় কমিটিতে রাজশাহী ও রংপুরের কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাঁর দাবি, এ দুই অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে সুপারিশ থাকলেও সর্বশেষ কমিটিতেও তাঁদের রাখা হয়নি। এ কারণে জাতীয় পর্যায়ে ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় আনুষ্ঠানিক বক্তব্য ও পরামর্শ দেওয়ার সুযোগ তৈরি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

কঠোর হুঁশিয়ারি দিয়ে ইফতেখারুল ইসলাম ডনি বলেন, জেলা সুপারিশ কমিটির সুপারিশের বাইরে কোনো সিদ্ধান্ত এলে রাজশাহীর কৃষক ও ব্যবসায়ীরা তা মেনে নেবেন না। প্রয়োজনে তাঁরা আন্দোলন ও আইনগত লড়াই একই সঙ্গে চালিয়ে যাবেন। হিমাগার মালিকেরা উচ্চ আদালতে গেলে কৃষকরাও তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin