নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ইসতিয়াক আহম্মেদ সাক্ষ্য প্রদান করেন। এর আগে গত রোববার সুরতহাল প্রতিবেদন তৈরীকারী পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম সাক্ষ্য প্রদান করেন। তাঁরা উভয়েই রাজশাহী বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক অনুপ কুমার এর নিকট সাক্ষ্য প্রদান করেন। তাঁরা যা দেখেছেন সেগুলোই বিজ্ঞ বিচারকের সামনে তুলে ধরেন।
এসময়ে বাদিপক্ষের এ্যাডভোকেট বিশেষ ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু এবং জেলা ও দায়রা জজ কোর্টের এপিপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু উপস্থিত ছিলেন। তাঁরা উভয়ে বলেন, এই মামলার মোট ২৯জন স্বাক্ষী রয়েছে এর মধ্যে এ পর্যন্ত মোট ২২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হলো। মাঝখানে কয়েকদিন বন্ধ না থাকলে হয়তা সাক্ষ্যগ্রহন শেষ হয়ে যেত বলে মন্তব্য করেন তারা। তবে পর্যায়ক্রমে খুব দ্রুত সময়ের মধ্যে উভয় পক্ষের মধ্যে সাক্ষী গ্রহন শেষে এই মামলার দ্রুত রায় হবে বলে আশা করেন তাঁরা। এ সময়ে আসামী পক্ষের এ্যাডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যুবলীগ নেতা ইসমাইলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই হত্যায় তার স্ত্রী বিজলা বেগম বাদী হয়ে বিএনপি-জামায়াতের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।