নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিলসিমলা এলাকায় রাসিকের ড্রেন এবং রাস্তা ভেঙ্গে মালিকানাধীন ভবন তৈরী হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আফজাল হোসেন নামে এক ব্যক্তি এই ভবন নির্মান করছেন বলে বিভিন্ন দপ্তরের অভিযোগপত্র এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে। এ নিয়ে অত্র ভবনের পার্শবর্তী বসবাসকারী মনিরুজ্জামান ও এবাদুর রহমানের স্ত্রী আনোয়ারা আরডিএ ও সিটি কর্পোরেশনে ভবন তৈরীর কাজ বন্ধ করে দেয়ার জন্য আবেদন করেন।
তারা উভয়ে অভিযোগ করে বলেন, আফজাল হোসেন যেখানে বাড়ি করছেন তার পার্শে রাসিক এর ড্রেন এবং তাদের যাতায়াতের জন্য চার ফিটের রাস্তা রয়েছে। আরডিএ প্ল্যানে চার ফিট রাস্তা ছেড়ে ভবন নির্মাণ করার কথা বলা আছে। কিন্তু আফজাল সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সব কিছু অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা। এ নিয়ে রাজাপাড়া থানা থেকেও গত বুধবার কাজ বন্ধ করে রাখার কথা বললেও তাদের কথাও অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মনিরুজ্জামান ও আনোয়ারা। সরজমিনে গিয়ে পিলারের কাজ করতে দেখা যায়।
তারা আরো বলেন, চলতি মাসের ২৭ তারিখ রাসিক এ বসার কথা রয়েছে। আর এ নিয়ে গত ১১ অক্টোবর ২০২১ ইং তারিখ রাজশাহী মেট্রোপলিটন জজ আদালতে একটি মামলা দায়ের করেন তারা। এই মামলার শোনানী রয়েেেছ ৯ ডিসেম্বর ২২০২১ ইং তারিখ। শোনানী শেষ না হতেই তিনি গায়ের জোরে বাড়ি তৈরীর কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
এলাকাবাসী নজরুল ইসলাম, ডাক্তার নার্গিস পারভীন, সেন্টু, মাজেদ, স্বপন, তপন ও রতনসহ আরো অনেকে বলেন, এভাবে বাড়ি নির্মান হলে ৫০-৬০ পরিবার সমস্যায় পড়বে। এছাড়াও তিনি সরকারী জায়গা ও রাসিকের ড্রেন ভেঙ্গে বাড়ি করছেন। এ বিষয়ে বাধা দিতে গেলে তাদের উপর আফজাল ও তার ছেলেরা চড়াও হয় বলে জানান তারা। অত্র এলাকাবাসী বাড়ি নির্মান বন্ধ করে দিয়ে সঠিকভাবে নিয়ম মেনে বাড়ি করার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ নিয়ে আফজাল হোসেনের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিয়োগ সত্য নয়। তিনি কারো জায়গা বা সরকারী জায়গা এমনকি রাস্তা ও ড্রেন দখল করে বাড়ি নির্মাণ করছেন না। আরডিএ এর প্ল্যান মোতাবেক নিজ জায়গাতে বাড়ি নির্মাণ করছেন বলে দাবী করেন আফজাল হোসেন।