রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাবিতে ট্রাকচাপায় হিমেল নামে এক শিক্ষার্থী নিহত, আহত এক

  • প্রকাশ সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে ট্রাক চাপায় মাহবুব হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন । মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। নিহত মাহবুব হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক এবং শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে দিয়ে মাহবুব হাবিব হিমেল একটি মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে হলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নির্মাণ কাজের জন্য ঐ ট্রাক পাথর পরিবহন করছিল বলে জানা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন ও ভাঙচুর চালিয়েছেন। এছাড়াও ভবনের টিনের বেড়া ও শ্রমিকদের থাকার ঘরগুলো পুড়িয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি আসেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করার চেষ্টা করা হয়। এদিকে এই ঘটনায় রাত ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এ সময় তারা প্রধান ফটকে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা কাজ করছেন। পরে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে দুটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটি হল নির্মাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে। অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে। শহীদ হবিবুর রহমান হলের সামনে একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। নির্মাণ কাজে ট্রাকযোগে বিভিন্ন নির্মাণসামগ্রী আনা-নেওয়া করা হচ্ছে।


হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নির্মাণকাজে ব্যবহৃত ৫টি ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলি ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা আরও বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। অবস্থা বেগতিক দেখে প্রক্টর সেখান থেকে চলে যান। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
রাবি প্রক্টর লিয়াকত আলি বলেন, হবিবুর রহমান হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন ছাত্রের প্রাণ গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে সে জন্য কড়াকড়ি নির্দেশনা দেব। এদিকে নিরাপত্তার জন্য উপাচার্যের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে অনিরাপদ এবং অপরিকল্পিতভাবে কাজ চলছে। এ কারণে আজকের এই দুর্ঘটনা। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর প্রক্টরকে জানানো হলে তিনি মিটিংয়ের অজুহাত দিয়েছেন। তিনি ঘটনাস্থলে আসেননি। তারা হিমেল হত্যার বিচার চাই। ভবিষ্যতে যেন আর এমন কোনো ঘটনা না ঘটে।


পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করি। সেখানে যখন আমাদের সহপাঠীকে নিজের জীবন দিতে হয় তখন আদৌ ক্যাম্পাসে নিরাপত্তা আছে কিনা এ নিয়ে প্রশ্ন থেকে যায়। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং আমাদের বন্ধুর মৃত্যুর বিচারের দাবিতে দাঁড়িয়েছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আহত রায়হান এখন শঙ্কামুক্ত। ক্যাম্পাসে সব নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। এদিকে হিমেলের মৃত্যুর প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাত ১টার দিকে নেতৃবৃন্দদের সাথে ঘটনাস্থলে উপস্থিত হন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে শিক্ষার্থীরা তার কথা শোনেন নি। মেয়র বক্তব্য দিতে এলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে মেয়র ক্যাম্পাস ত্যাগ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বুধবার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা এ প্রস্তাবে রাজি হননি। উপাচার্য মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করেন। এরপরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এই মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। একইসঙ্গে বুধবারের মধ্যেই হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রায়হানর চিকিৎসার সব খরচও প্রশাসন বহন করবে বলে জানান তিনি। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব তথ্য জানান উপাচার্য। এর আগে সকাল ১০টার দিকে হিমেলের মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এসময় তার শিক্ষক ও সহপাঠীদের কান্নার রোল পড়ে যায়।


জানাজার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সন্তানহারা পিতার পক্ষে বক্তব্য দেওয়া কঠিন। আজ আমার লাশ হিমেলের কাঁধে নেওয়ার কথা ছিল। কিন্তু পিতার কাঁধে সন্তানের লাশ যে কতো ভারী! আমি হিমেলের মাকে কথা দিয়েছি, শিক্ষার্থীরা যেসব দাবি উত্থাপন করেছেন সেসব দাবি মেনে নেব। ইতোমধ্যে আমি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছি। হিমেলের মায়ের দায়িত্বও নিয়েছি আমরা। আমরা চাই, এভাবে আর কোনো ‘হিমেল’ যেন মারা না যায়।
ক্ষতিপূরণের বিষয়ে উপাচার্য বলেন, ক্ষতিপূরণ নিয়ে হিমেলের মায়ের সঙ্গে কথা বলেছি। আমার জায়গা থেকে ৫ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী এই ক্ষতিপূরণ আমরা দিতে পারবো। আজকে হিমেলের মায়ের ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে। তবে ফাইন্যান্স কমিটির সঙ্গে বৈঠক করে এই ক্ষতিপূরণ বাড়ানো সম্ভব হলে সেটি করা হবে।
নিহত হিমেলের মামা মুন্না বলেন, হিমেল খুব অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। এটা মেনে নেওয়া কষ্টকর। আমার বোন আগে স্বামীহারা ছিলেন, আর এখন সন্তানহারা হয়ে গেলেন। এই কষ্ট মেনে নেওয়া কঠিন। তবে ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো মায়ের বুক যেন খালি না হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা শেষে তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে হিমেলের চাচা ও তার স্বজনদের সঙ্গে। জানা যায়, নাটোরে হিমেলের নানার বাড়ি। অপরদিকে বগুড়ার শেরপুরে হিমেলের দাদার বাড়ি। কিন্ত তার দাদার বাড়ির লোকজন মরদেহ শেরপুরে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে অনুষদের এক শিক্ষার্থী জানান, হিমেলের বাবা মারা যাওয়ার পর থেকে হিমেল তার নানার বাড়ি নাটোরে মায়ের কাছেই থাকতেন। এতোদিন তার চাচারা বা দাদার বাড়ির পক্ষের কেউই হিমেলদের খোঁজ-খবর করেননি। এমনকি হিমেলকে অর্থনৈতিকভাবেও কোনো সহযোগিতা তারা করেননি। হিমেল টিউশনি করে নিজের ও তার মায়ের জন্য কিছু টাকা পাঠাত। হিমেল এ বিষয়গুলো নিয়ে খুব কষ্টে থাকত। আর এখন তারা মরদেহের দাবি করতে এসেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানাজা শেষে হিমেলের মরদেহ তার নানার বাড়ি নাটোরে নেওয়া হয়।
শেষ খবর পাওয়া ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বুধবারর বেলা সোয়া ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। চালকের নাম টিটু (৩৫)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। তখন থেকে তার অবস্থানের বিষয়ে অনুসন্ধান চলছিল। বুধবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin