পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে শনিবার সকাল ১০টায় মহিনগর গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহাদেবুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। কর্মসূচীতে এনায়েতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারি-পুরুষ অংশগ্রহণ করেন।
মেডিক্যাল ক্যাম্প উপলক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া তাসমিম নোভা, ডাক্তার রিফাত হাসান অনিক, বিএসডিও’র সমন্বয়ক (কর্মসূচী) আতাউর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বিএসডিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবণ ও জীবিকার মান উন্নয়নে যে কর্মকান্ড বাস্তবায়ন করছে তা প্রশংসার দাবী রাখে। আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা নানা কারণে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আসতে চাইতো না, এখন তাঁরা দল বেঁধে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আসছেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
এটাও এক ধরণের পরিবর্তন ও উন্নয়ন। এর মাধ্যমে প্রমানিত হয় যে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের চিন্তা ও চেতনার পরিবর্তন হয়েছে। আলোচনা সভার পর মেডিকেল অফিসারবৃন্দ কর্মসূচীতে আগত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষদের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।