নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরের মুন্ডুমালা টিএন্ডটি অফিসে এক কর্মচারীর পোস্টিং থাকলেও তিনি সেখানে অফিস না করে রাজশাহীতে নিয়মিতভাবে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানকার একাধিক ব্যক্তি বলেন, মোবাইলের যুগে টিএন্ডটি ফোনের কদর অনেক কমে গেছে।
কিন্তু কর্মচারী কর্মকর্তারা ঠিকই আছেন এবং নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। তারা আরো বলেন, রাজশাহীর বিল সিমলা এলাকার সারওয়ার জামান বিপ্লব নামে একজন এমএলএসএস পদে এখানে কর্মরত আছেন। কিন্তু তার দেখা মাসেও পাওয়া যায়না। আবার কখনো আসলেও অফিসকে বাড়ি বানিয়ে থাকেন।
তারা বলেন, বিপ্লব রাজশাহী শহরে থেকে জমির ব্যবসাসহ নানা ধরনের ব্যবসা করছেন। সেখান থেকে অর্থ উপার্জন করছেন। আবার অফিস না করেও সরকারী টাকা উত্তোলন করছেন বলে জানান তারা।
এ বিষয়ে বিপ্লবের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন বক্তব্য না দিয়ে নিজের অপকর্মকে ঢাকতে বার বার দেখা করার কথা বলেন এবং দুইমাস হলো তার বেতন বন্ধ রয়েছে বলে জানান। সেইসাথে তিনি বলেন, আমার রাজশাহী প্রধান কার্যালয় এবং মুন্ডুমালা দুই স্থানেই নিয়োগের ব্যবস্থা করা আছে। এছাড়াও তিনি শহরের বহু সাংবাদিকের সাথে সম্পর্ক রাখেন বলে উল্লেখ করেন।