নিজস্ব প্রতিবেদক: কাঁটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কাঁটাখালী এলাকারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মাসকাটাদিঘি বহুমুখি কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে এই কর্মসূচী থেকে শিক্ষক শিক্ষার্থীরা মেয়র আব্বাসকে খুনি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, চাঁদাবাজ, কুলাঙ্গার বলে আখ্যায়িত করেন। সেইসাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও ম্যুরাল নির্মাণ বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য মেয়রের সর্বোচ্চ শাস্তি এবং স্থায়ী বরখাস্ত করার দাবী জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহানগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল হক রিপন। প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সামা। বিশেষ অতিথি ছিলেন মাসকাটাদিঘি বহুমুখি কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আফতাব হোসেন রুনু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম হোসেন ডাবলু, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ, সামসাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইদুর, জাকারিয়া, খোকন, যুবলীগ নেতা ইসরাফিল ও রিয়াজুল। সভা সঞ্চালনা করেন কাঁটাখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা।