নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ শে জানুয়ারি শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফল করতে বিএনপি রাজশাহী মহানগরের আয়োজনে মঙ্গলবার বিএনপি দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ৩টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী। বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য রফিকুল ইসলাম ইমন, বাদশা ও রাকিব, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা সকিনা খাতুন এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই অবৈধ সরকার ডামি নির্বাচন করে বাকশালী কায়দায় ক্ষমতা দখল করে রাখার জন্য তড়িঘড়ি করে গেজেট প্রকাশ, এমপিদের শপথ গ্রহন ও মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছে। এতে করে তারা বাংলাদেশর সংবিধান লংঘন করেছে। কারন বর্তমান সংসদের মেয়াদ এখনো রয়েছে। বর্তমানে এখন ৬৪০জন সংসদ সদস্য বাংলাদেশে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, এই ভোটার বিহিন ডামি নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে নানা ধরনের ছলচাতুরীর বিভিন্ন দেশ স্বীকৃতি দিচ্ছে বলে মিথ্যা প্রচার করছে। মূলত কোন গণতান্ত্রিক রাষ্ট্র এই বিনা ভোটের সরকারকে স্বীকৃতি দেয়নি। তারা বলেছে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে ১০ভাগ ভোটও পড়েনি। অতএব এই নির্বাচন গ্রহনযোগ্য ও অংশগ্রহনমূলক হয়নি বলে তারা বলে দিয়েছে। অথচ এই ফ্যাসিস্ট সরকার মিথ্যাচার করেই যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
গণতন্ত্র পুণরুদ্ধার ও এই একদলীয় নির্বাচন বাতিলের জন্য বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। আগামীতে এই আন্দোলন আরো বেগমান করতে আগামী ২৭ জানুয়ারী কালো পতাকা মিছিল করা হবে। গণতন্ত্র উদ্ধার ও দেশকে বাকশালী সরকারের কবল থেকে রক্ষা করতে এই মিছিলে দলমত নির্বিশেষে সকলকে হাজির হওয়ার আহ্বান জানান তিনি।