নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা করেছে বিএনপি। অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সকল রাজবন্দির মুক্তির এক দফা আন্দোলনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, শাফিকুল ইসলাম শাফিক ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, আগামী ২৭ জুলাই ঢাকার সমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। এক দফা দাবী আদায়ের সমাবেশ সফল করতে তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে বাধা আসতে পারে। সকল বাধা উপেক্ষা করে যে কোন মূল্যে ঢাকায় যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। সেইসাথে ২৮ জুলাই রাজশাহীর গণপদযাত্রা স্থগিত ঘোষনা করেন তিনি। কেন্দ্র থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই সমাবেশ হবে বলে উল্লেখ করেন তিনি।