নিজস্ব প্রতিবেদক: “শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ বেতার বেতার,রাজশাহী কেন্দ্রে উদযাপিত হয় ১৩তম বিশ্ব বেতার দিবস। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বেলা ১১ টায় বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন বের করা হয়। উপস্থিত অতিথি, বেতারের কর্মকর্তা, বিভিন্ন শাখার শিল্পিবৃন্দ, বেতার প্রকৌশলী, ঘোষক ও কর্মচারী মিলে শোভাযাত্রা নিয়ে সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় বেতার কেন্দ্রে ফিরে আসেন।
শোভাযাত্রা শেষে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর । রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আখতারের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার রশীদুল হাসান পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন বেতারের উপ-আঞ্চলিক পরিচালক শিউলি রানী বসু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম ও আঞ্চলিক প্রকৌশলী(রুটিন দায়িত্ব) মমতাজ পারভিন।
অনুষ্ঠানে রাজশাহী বেতার অঞ্চলের বিভিন্ন কমিউনিটি রেডিওর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, শ্রোতাক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।আগত শ্রোতাক্লাবের সদস্যদের জন্য উপস্থিত কুইজ ও পুরস্কার প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেতার দিবসের আয়োজনের সমাপ্তি হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বেতারের উপস্থাপিকা রুখসানা আকতার লাকী ও শিখা খাতুন।